একদিন অফিস থেকে ফেরার পথে তাহমিদ দেখল ট্রাফিক জ্যামে আটকে আছে। চারপাশে হর্ন, ভিড় আর অস্থিরতা। তার মাথায় ঘুরছে অফিসে বসের তিরস্কার, বাড়ি গিয়ে জমে থাকা কাজের চিন্তা। ধীরে ধীরে তাহমিদ এর ভেতরে বিরক্তি আর রাগ বাড়তে লাগল।
কিন্তু হঠাৎ সে একটি জিনিস মনে করল— কয়েক সপ্তাহ আগে শেখা মাইন্ডফুলনেস-শ্বাস-প্রশ্বাসের অনুশীলন (Mindful breathing)। সে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিতে লাগল। কয়েক মিনিট পরই মন শান্ত হলো, বিরক্তি অনেকটাই কমে গেল।
এই ছোট্ট কৌশল দ্বারাই বোঝা যায়— মাইন্ডফুলনেস কেবল একটি অনুশীলন নয়, এটি আবেগ নিয়ন্ত্রণ ও প্রশান্তির কার্যকর হাতিয়ার।
মাইন্ডফুলনেস কী এবং কেন জরুরি?
- মাইন্ডফুলনেস বর্তমান মুহূর্তে আমাদের পূর্ণ মনোযোগী রাখে :
অর্থাৎ আমরা যখন যা করছি, সেই কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া,যেমন-খাওয়া, হাঁটা, কথা বলা, পরিবারে সময় দেয়া কিংবা সচেতন ভাবে শ্বাস-প্রশ্বাসের চর্চা করা পর্যন্ত। এটি মনকে ছুটে বেড়ানো চিন্তা থেকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনে এবং মনোযোগী করে দেনন্দিন জীবনে। - এটি আমাদের মন কে স্বয়ংক্রিয় “অটোপাইলট মোড” থেকে বের করে আনে:
সাধারণত আমরা অনেক কাজই অচেতনভাবে করি,যেমন-হাঁটার সময় পরের দিনের চিন্তা, খাওয়ার সময় মোবাইল স্ক্রল করা। মাইন্ডফুলনেস সেই স্বয়ংক্রিয় প্রবাহ ভেঙে আমাদেরকে সচেতনভাবে বাঁচতে শেখায়। - আমরা বুঝতে পারি এই মুহূর্তে কী ঘটছে, শরীর কেমন অনুভব করছে, আবেগ কেমন:
উদাহরণস্বরূপ, মাইন্ডফুলনেসের সময় আমরা লক্ষ্য করি আমাদের শ্বাস ধীরে চলছে নাকি দ্রুত, শরীর টানটান অবস্থায় আছে নাকি শিথিল আছে, মন শান্ত নাকি অস্থির। এই সচেতন পর্যবেক্ষণ আমাদের আবেগকে ভালোভাবে চেনাতে সাহায্য করে। - সবচেয়ে বড় কথা, আমরা আবেগকে অস্বীকার না করে গ্রহণ করতে শিখি:
অনেকেই রাগ, দুঃখ বা ভয়কে দমন করতে চায়। কিন্তু মাইন্ডফুলনেস শেখায়— “হ্যাঁ, আমি রাগ অনুভব করছি”—এটি মেনে নিতে, এই অনুভূতি গুলো গ্রহণ করার মধ্য দিয়েই অনুভূতি গুলো নিয়ন্ত্রণ বা ম্যানেজ করা শুরু হয়।
দ্রুতগামী এই পৃথিবীতে আমরা প্রায়ই অতীতে ঘটে যাওয়া ঘটনা বা ভবিষ্যতের আশঙ্কায় ব্যস্ত থাকি। মাইন্ডফুলনেস আমাদের ফিরিয়ে আনে “এখন”-এর বাস্তবতায়। অফিসের ভুল, পুরোনো আঘাত, বা আগামী দিনের চিন্তা আমাদের মনকে ক্রমাগত টেনে নিয়ে যায়। অথচ সত্যিকার জীবন কেবল এই মুহূর্তে। মাইন্ডফুলনেস সেই জীবনকেই আবার সামনে এনে দেয়।
সব মিলিয়ে মাইন্ডফুলনেস হলো এক ধরনের সচেতন জীবনযাপন, যেখানে আমরা আর অতীতের আক্ষেপ বা ভবিষ্যতের ভয়ে হারিয়ে থাকি না। বরং বর্তমান মুহূর্তকে পূর্ণভাবে অনুভব করি। এই অভ্যাস মনকে শান্ত রাখে, আবেগকে নিয়ন্ত্রণযোগ্য করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষুদ্র অভিজ্ঞতাকেও অর্থবহ করে তোলে।
গবেষনায় দেখা গেছে…
- একটি রিভিউ স্টাডিতে দেখা গেছে যে মাইন্ডফুলনেস ব্যক্তিগত সুস্থতা বৃদ্ধি করে, মানসিক লক্ষণ ও আবেগীয় প্রতিক্রিয়াশীলতা কমায় এবং আচরণ নিয়ন্ত্রণ দক্ষতা উন্নত করে (Keng et al., 2011).
- মাইন্ডফুলনেস অনুশীলন মানসিক সুস্থতা বৃদ্ধি করে, কারণ এটি বিষন্নতা, উদ্বেগ, ইটিং ডিজঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার এবং লো সেলফ এস্টিমের উপসর্গ কমায়। (Ingram, 2016)
- মাইন্ডফুলনেস পেশাগত বার্ন আউট, আবেগীয় ক্লান্তি এবং মানসিক চাপ কমায়, বিশেষভাবে উচ্চ-চাপপূর্ণ পেশায় যেমন স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে (Bartlett et al., 2019)
মাইন্ডফুলনেস নিয়মিত অনুশীলনে—
- দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও হতাশা অনেকটাই কমে যায়।
- মনোযোগ বাড়ে, একাগ্রতা বৃদ্ধি পায়।
- সম্পর্কগুলোতে ধৈর্য ও সহমর্মিতা তৈরি হয়।
- ছোট ছোট জিনিস থেকেও আনন্দ খুঁজে পাওয়া যায়।
- সঠিক পদ্ধতিতে আবেগ নিয়ন্ত্রন করতে সহজ হয়।
মাইন্ডফুলনেস ও আবেগ নিয়ন্ত্রণের সম্পর্ক
আবেগ নিয়ন্ত্রণ হলো নিজের অনুভূতিগুলোকে চিহ্নিত করে পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে প্রকাশ করা ও সামঞ্জস্য করার দক্ষতা। এটি না থাকলে মানুষ সহজেই রাগ, দুঃখ, হতাশা বা উদ্বেগে ভুগতে পারে, যার ফলে মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়। মাইন্ডফুলনেস অনুশীলন আবেগ নিয়ন্ত্রণে সহায়ক, কারণ এটি মানুষকে বর্তমান মুহূর্তে মনোযোগী হতে শেখায় এবং আবেগকে দমন না করে সচেতনভাবে পর্যবেক্ষণ ও গ্রহণের সুযোগ দেয়। এর ফলে তীব্র আবেগ প্রশমিত হয় এবং ব্যক্তি তা স্বাস্থ্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
আবেগ নিয়ন্ত্রণ আসলে কী?
- আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে চাপা দেওয়া বা অস্বীকার করা নয়।
অনেকেই মনে করেন আবেগ নিয়ন্ত্রণ মানে রাগ, কান্না বা ভয়কে দমন করে রাখা। কিন্তু বাস্তবে এটি কার্যকর নয়। দমন করলে আবেগ আরও তীব্র হয়ে ওঠে এবং হঠাৎ বিস্ফোরণ ঘটাতে পারে। - আবেগকে চেনা (যেমন— “আমি রাগান্বিত”, “আমি দুঃখিত”)
প্রথম ধাপ হলো নিজের ভেতরে কী অনুভূতি কাজ করছে তা সনাক্ত করা। অনেক সময় আমরা রাগান্বিত থাকলেও বুঝতে পারি না যে আসলে দুঃখ বা হতাশাই রাগের আড়ালে কাজ করছে। সচেতনভাবে আবেগকে নামকরণ করলে তা স্পষ্ট হয়। - সেটিকে গ্রহণ করা (চাপা না দিয়ে মেনে নেওয়া)
আবেগ আমাদের মানবিকতার অংশ। তাই দুঃখিত বা রাগান্বিত হওয়া ভুল নয়। বরং এসব অনুভূতিকে স্বীকার করা জরুরি। মাইন্ডফুলনেস শেখায়— “আমি এখন রাগ অনুভব করছি, এটা স্বাভাবিক।” গ্রহণ করার মধ্য দিয়েই শান্তি আসে। - প্রয়োজনমতো সঠিকভাবে প্রকাশ করা
আবেগকে গ্রহণ করার পর সঠিকভাবে প্রকাশ করা দরকার। যেমন, রাগ হলে আঘাত না করে শান্তভাবে নিজের মতামত জানানো। দুঃখ হলে বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলা বা ডায়েরিতে লেখা। এতে আবেগ জমে থেকে ক্ষতি করতে পারে না।
উদাহরণস্বরূপ, কারো কথায় রাগ হলে…
সাধারণত আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাই— চিৎকার, ঝগড়া বা মুখ ভার করা। কিন্তু মাইন্ডফুলনেস সাহায্য করে থামতে, গভীর শ্বাস নিতে এবং ঠান্ডা মাথায় ভাবতে। এর ফলে আবেগ প্রকাশও হয়, আবার সম্পর্কও নষ্ট হয় না।
সুতরাং, আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে দমন নয়, বরং সচেতনভাবে বোঝা, গ্রহণ করা এবং ইতিবাচকভাবে প্রকাশ করা। এটি করলে আমরা আবেগের দাস না হয়ে আবেগের নিয়ন্ত্রক হতে পারি। ফলে মানসিক চাপ কমে, সম্পর্কের গুণগত মান বাড়ে এবং জীবনে আসে প্রশান্তি। প্রশান্তি তখন কেবল কল্পনা নয়, বরং বাস্তব জীবনের অভ্যাস হয়ে ওঠে।
দুটির মধ্যে গভীর সম্পর্ক আছে:
- সচেতনতা বৃদ্ধি – মাইন্ডফুলনেস আবেগ দ্রুত চেনার ক্ষমতা দেয়।
- প্রতিক্রিয়ার আগে বিরতি – আবেগ উঠলেও তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেখিয়ে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শেখায়।
- স্ব-সহানুভূতি – নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া সহজ হয়।
- মানসিক স্থিতিশীলতা – আবেগের ওঠা-নামার মাঝেও স্থির থাকা সম্ভব হয়।
দৈনন্দিন জীবনে মাইন্ডফুলনেসের সহজ উপায়:
- শ্বাস-প্রশ্বাস অনুশীলন – প্রতিদিন মাত্র ৫/১০ মিনিট ধীরে ধীরে শ্বাস নেওয়া, কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে ছাড়া-
ব্যস্ত জীবনে সময় না পেলেও মাত্র পাঁচ মিনিটের শ্বাস-প্রশ্বাস অনুশীলন মনকে শান্ত করতে পারে। চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। প্রতিটি শ্বাসের গতিবিধি লক্ষ্য করুন। এভাবে মস্তিষ্ক চাপমুক্ত হয় এবং মন বর্তমান মুহূর্তে ফিরে আসে। - সচেতন খাওয়া – খাবারের স্বাদ, গন্ধ ও রঙ পুরোপুরি উপভোগ করা-
আমরা প্রায়ই টিভি বা মোবাইল ব্যবহার করতে করতে খাই, ফলে খাবারের প্রকৃত আনন্দ পাই না। মাইন্ডফুল খাওয়া মানে প্রতিটি কামড়ে খাবারের স্বাদ, গন্ধ ও রঙ অনুভব করা। এতে শুধু আনন্দই নয়, হজমও ভালো হয়। - মাইন্ডফুল হাঁটা – হাঁটার সময় কেবল হাঁটার দিকে মনোযোগ দেওয়া-
হাঁটার সময় অনেকেই ভবিষ্যতের কাজ বা অতীতের সমস্যা নিয়ে চিন্তায় মগ্ন থাকেন। মাইন্ডফুল হাঁটায় প্রতিটি পদক্ষেপ, পায়ের মাটি স্পর্শ, চারপাশের শব্দ ও বাতাসের স্পর্শ অনুভব করুন। এতে হাঁটা
প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও অতিরিক্ত ব্যবহার মানসিক চাপ বাড়ায়। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। সেই সময়ে বই পড়ুন, প্রিয়জনের সঙ্গে কথা বলুন বা নীরবে বসে থাকুন। এতে মন শান্ত হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়। - ডায়েরি লেখা – দিনের আবেগগুলো লিখে রাখা, যা আত্মবিশ্লেষণে সাহায্য করে।
দিনের শেষে কয়েক মিনিট সময় নিয়ে আপনার অনুভূতিগুলো লিখুন। যেমন— কোন ঘটনায় রাগ হলো, কীসের জন্য খুশি লাগল। লেখার মাধ্যমে আবেগ প্রকাশ করা যায় এবং ভেতরের চাপ অনেকটাই হালকা হয়। এটি আত্মবিশ্লেষণ ও আত্মউন্নতির এক সহজ উপায়।
মাইন্ডফুলনেস কোনো বিলাসিতা নয়, বরং সুস্থ মানসিক জীবনের অপরিহার্য অভ্যাস। এটি আবেগকে দমন নয় বরং আবেগ কে বোঝা ও গ্রহণ করতে শেখায়। এর ফলেই আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি এবং মানসিক প্রশান্তির নতুন দিগন্তে পৌঁছে যাই।
আজ থেকেই শুরু করুন— প্রতিদিন মাত্র কয়েক মিনিট সচেতন শ্বাস-প্রশ্বাস দিয়ে। ধীরে ধীরে দেখবেন, আপনার মন হালকা হচ্ছে, আবেগ স্থিতিশীল হচ্ছে, আর জীবন সত্যিই অনেক শান্তিপূর্ণ লাগছে।
References
Bartlett, L., Martin, A., Neil, A. L., Memish, K., Otahal, P., Kilpatrick, M., & Sanderson, K. (2019). A systematic review and meta-analysis of workplace mindfulness training randomized controlled trials. Journal of Occupational Health Psychology, 24(1), 108–126. https://doi.org/10.1037/ocp0000146
Keng, S. L., Smoski, M. J., & Robins, C. J. (2011). Effects of Mindfulness on Psychological health: a Review of Empirical Studies. Clinical Psychology Review, 31(6), 1041–1056. https://doi.org/10.1016/j.cpr.2011.04.006
Ingram, D. F. (2015). Student Independent Projects Psychology 2015: The Effects of Mindfulness on Mental Health. Handle.net; Grenfell Campus, Memorial University of Newfoundland. https://hdl.handle.net/20.500.14783/8877
